অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

সরকারের বিভিন্ন অনুদান বিতরণে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা দলীয় প্রভাব বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেশ কমিটির সদস্য ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, বিএনপি নেতা জসিম উদ্দিন বিশ্বাস ও আবদুর রহমান বিশ্বাস মায়ের দোয়া মিল্লাদ এবং বিএনপির নিহত নেতাকর্মী ও সমর্থকদের কবর জিয়ারত করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে মেজবানি ও জিয়াবত অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় তিনি নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দলের ত্যাগী ও নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া রাজনৈতিক দায়িত্বের অংশ। একই সঙ্গে সরকারি সহায়তা যেন দলীয় বিবেচনায় নয়, বরং প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে মানুষের কাছে পৌঁছে- সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।