নৈতিকতাহীন শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি
নৈতিকতাহীন শিক্ষা কখনও একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধু এ প্লাস পাওয়া বা একাডেমিক সাফল্যই জীবনের শেষ কথা নয়; বরং মেধা, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখা আয়োজিত এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কেন্দ্রীয় সভাপতি।
?সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কবার্তা ও দিকনির্দেশনা দিয়ে শিবির সভাপতি আরও বলেন, এসএসসিতে এ প্লাস পেলেই লক্ষ্য পূরণ হয়ে যায় না। পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর উচ্চমাধ্যমিকে গিয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বড় একটি অংশ ঝরে পড়ে। ভর্তিযুদ্ধ ও আগামীর চ্যালেঞ্জে টিকে থাকতে হলে আত্মতুষ্টিতে না ভুগে ধারাবাহিক পরিশ্রম চালিয়ে যেতে হবে। হাজার হাজার মেধাবীর সাথে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে নিজের জায়গা নিশ্চিত করতে হলে ‘সেরাদের মধ্যে সেরা’ হওয়ার বিকল্প নেই।
?সমাজে নৈতিকতার অভাব ও পারিবারিক বন্ধন শিথিল হওয়ার চিত্রে উদ্বেগ প্রকাশ করে ছাত্রনেতা নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বাবা-মা সন্তানকে জন্ম দিলেও নৈতিকতা না শেখালে সেই মানুষ আর মানুষ থাকে না। নৈতিকতাহীন সমাজের করুণ পরিণতি হচ্ছে বৃদ্ধাশ্রম ও চাইল্ড কেয়ার সেন্টারের মতো ব্যবস্থা, যেখানে সন্তানরা বাবা-মায়ের প্রকৃত স্নেহ-আদর থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমা সংস্কৃতির মতো ভঙ্গুর সামাজিক বন্ধন এড়াতে হলে আমাদের ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতার জায়গায় ফিরে আসতে হবে। সংবর্ধনায় সভাপতিত্ব করেন যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. জাহেদ আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম। ?অনুষ্ঠানে যশোর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি খালিদ ইবনে খলিল।
