বারে ছুরিকাঘাতে যুবক খুন হাসপাতালে অভিযুক্তেরও মৃত্যু

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজার শহরের একটি হোটেলের মদের বারে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিবুল হক রাশেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সোলাইমান (২৯) নামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত রাশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদ শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার জয়নাল আবেদীন বহদ্দারের ছোট ছেলে। অপরদিকে সোলাইমানের পারিবারিক পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাশেদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বাইরে থেকে আরও কয়েকজন যুবক সেখানে আসেন। তারা বারের দোতলায় গিয়ে রাশেদের ওপর হামলা চালান। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হোটেলের বাইরে এসেও তার ওপর ভাঙা বোতল দিয়ে হামলা চালানো হয়।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ঘটনার পর কয়েকজন পালিয়ে গেলেও কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার মোহাম্মদ সোলাইমান ওরফে সালমান নামের এক যুবককে আটক করে উত্তেজিত জনতা। এরপর তাকে নিহত রাশেদের এলাকার নুনিয়ারছড়ার ফিশারীঘাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কয়েক দফা মারধরের পর পুলিশে সোপর্দ করে।

পুলিশের হেফাজতে নেওয়ার পর সোলাইমানকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন।