মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন পরিষদের শপথ গ্রহণ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৯)-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খুলনার সোনাডাঙ্গার এম এ বারী সড়কের সিএন্ডএফ টাওয়ারে সংগঠনের প্রধান কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোশাররাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদুন চৌধুরী জনি ও সিনিয়র সহ-সভাপতি জাবেদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম (মনা)। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএমণ্ডসেবা), বেনাপোল কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খানসহ অনেকে। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও খুলনা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোংলা বন্দরকে ঘিরে কাস্টমস্ এজেন্টদের কার্যক্রম দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের সদস্যদের কল্যাণ, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করা সম্ভব।
