কুলি শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলার মধুপুরে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টা থেকে নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে শ্রমিক সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শ্রমিকদের সুশৃঙ্খলভাবে ভোট দিতে দেখা যায়। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন ১৪৬ জন। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
নির্বাচনকালে প্রধান আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আব্দুল মালেক তুলা, উপদেষ্টা মো. লস্কর আলী মেম্বার, জয়নাল আবেদীন বাবলু, হেলিন যেত্রা, সাইফুল ইসলাম, ফিলিপ কুবি ও লোটিশ ডিও উপস্থিত ছিলেন। এ সময় মধুপুর কুলি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আদিত্য সরকার উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আব্রারুল হক শিমুল। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন আব্দুল আউয়াল। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আশিক রায়হান ও কেরামত আলী।
