সিরাজগঞ্জে রেল জংশনের দাবি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে রেল জংশনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সিরাজগঞ্জবাসী। গতকাল শনিবার সকালে শহরের বাজার স্টেশন চত্বর এলাকায় সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সংগঠনের আহ্বায়ক মাহবুব-এ-খোদা টুটুলের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি কমরেড ইসমাইল হোসেন, ওই সংগঠনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, সিনিয়র ব্যাংক কর্মকর্তা সোহরাব আলী খান, সাংবাদিক স্বপন চন্দ্র দাস, ব্যবসায়ী রবিউল হাকিম বিজু, তৃণমূল হিন্দু নেতা রতন কুমার বাঁশফোড়, শিক্ষক সঞ্জয় কুমার গৌর, রায়হান, মশিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সিরাজগঞ্জকে বঞ্চিত করে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ মেনে নেয়া যায় না। সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে এ মহাপ্রকল্প সরকার বাস্তবায়ন করছে।
আর আজকে সিরাজগঞ্জ শহরকে বঞ্চিত করার অপচেষ্টা হচ্ছে বলে দাবি করেন তারা। একসময় দেশের প্রথম রেলশহর সিরাজগঞ্জ থেকে সরাসরি কলকাতায় ট্রেন যোগাযোগ ছিল। একদিকে রেলপথ অন্যদিকে যমুনায় নদীবন্দর। সব মিলিয়ে এ শহরটি ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে এগিয়ে ছিল। অথচ এ ঐতিহাসিক সিরাজগঞ্জ শহরকে এখন রেলশূন্য করা হয়েছে। আমরা সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়ক প্রকল্প বাস্তবায়নে সিরাজগঞ্জের রায়পুরকে রেল জংশন চায়। এ জংশন স্থাপন না করলে সিরাজগঞ্জ জেলা শহর উন্নয়নসহ সবক্ষেত্রেই শূন্য হয়ে যাবে।
