লোড শেডিংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে বিদ্যুতের অব্যাহত লোড শেডিং-এর কারণে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদেরকে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। তীব্র গরমে আরও অসুস্থ হয়ে হয়ে পড়ছে ভর্তিকৃত রোগীরা। তারা জরুরী এ পরিস্থিতি অবসানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি কামনা করছেন।

গতকাল শনিবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, সেখানে বিদ্যুতের লোড শেডিং চলছে হেতু তীব্র গরমে রোগীরা অতিষ্ঠ হয়ে পড়েছে । চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অসহনীয় কষ্টকর সময় অতিবাহিত করছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্ট জনিত রোগীরা সর্বাধিক কষ্ট পাচ্ছেন। এ পরিস্থিতিতে রোগীদের স্বজনেরা হাতপাখা দিয়ে গরম নিবারনের চেষ্টা করছেন ।

শুধু রোগীরাই নন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত ডাক্তার ও নার্সসহ অন্যান্য কর্মচারীরাও স্বাভাবিক কাজ করতে পারছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রোগী আশিকুর রহমান. পারুল বেগম , মুক্তা বেগম ও হাবিবুর রহমানের মতে রোগের চিকিৎসা করতে এসে এত কষ্ট তাদের আর ভাল লাগছে না। তীব্র গরমের মধ্যেও যন্ত্রনায় ভুগছেন এবং হাতপাখা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তাদের মতে বিদ্যুৎ বিভ্রাটের সময় যাতে চিকিৎসাধীন রোগীদের এমন দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে জেনারেটর থাকলেও জুনিয়র মেকানিক ও ডিজেল সংকটের কারণে জেনারেটরটি ব্যবহার করা যাচ্ছে না।