চরফ্যাশনে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার চরফ্যাশন পৌরসভার আয়োজনে এ কর্মসূচি সূচনা করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়। একই সঙ্গে বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও ড্রেন পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহিন, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার প্রায় ২০ থেকে ২৫ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আমাদের উপজেলা ও পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতি সার্বক্ষণিক নজর রাখছেন।