ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ভোরে হঠাৎ করে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।