পাটের দামে খুশি কৃষক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী)
মাঠের সবুজ পাট এখন রূপ নিয়েছে সোনালি আঁশে| কেটে, জাগ দিয়ে, আঁশ ছাড়িয়ে শুকানোর পর সেই পাট যাচ্ছে হাট-বাজারে| ভ্যানে করে আঁটি বাঁধা পাটের আঁশ বাজারজাতের এই দৃশ্য এখন চারঘাটের গ্রামীণ জনপদের পরিচিত চিত্র| আর বাজারে ভালো দাম থাকায় দীর্ঘদিনের পরিশ্রমের সুফল পাওয়ার আশায় স্বস্তিতে রয়েছেন কৃষকেরা| রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, এখন পাট কাটা ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা| ভোর থেকে কৃষক-শ্রমিকরা মাঠে নামছেন| কোথাও পাট কাটা হচ্ছে, কোথাও চলছে জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ| আবার কোথাও শুকানো পাট আঁটি বেঁধে ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে বাজারজাত করা হচ্ছে| কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মানভেদে প্রতি মণ ৩ হাজার ৪০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে| কৃষকেরা জানান, পাট চাষে বীজ, সার, জমি প্রস্তুত, পরিচর্যা, শ্রমিকের মজুরি, কাটা, পরিবহন ও জাগ দেওয়াসহ বিভিন্ন খাতে খরচ হয়| সব মিলিয়ে উৎপাদন ব্যয় কম নয়| তবে বাজারে ' সোনালি আঁশ' পাটের ভালো দাম থাকায় এবার সেই খরচ পুষিয়ে লাভের আশা করছেন তারা| উপজেলার নিমপাড়া ইউনিয়নের ঝাউবোনা গ্রামের কৃষক শামসুল হক বলেন, পাট চাষে খরচ ও পরিশ্রম দুটোই বেশি| তবে এবার পাটের দাম ভালো থাকায় আমরা স্বস্তিতে আছি| প্রতি মণ ৩ হাজার ৪০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে| এ দাম থাকলে খরচ বাদ দিয়ে ভালো লাভ করা সম্ভব| একই ইউনিয়নের বালাদিয়াড় গ্রামের কৃষক মনছুর রহমান বলেন, পাটের ভালো দাম পাওয়ায় আমরা খুশি| কৃষক অনেক কষ্ট করে সোনালী আঁশ ফলান| বাজারে ন্যায্যমূল্য পেলে সেই পরিশ্রম সার্থক হয়| দাম ভালো থাকলে আগামী বছর আরও বেশি জমিতে পাট চাষ করার আগ্রহ থাকবে|
স্থানীয় পাট ব্যবসায়ীরা জানান, পাটের মান ও গুণাগুণের ওপর ভিত্তি করে দামে পার্থক্য রয়েছে| ভালো মানের পাটের চাহিদা তুলনামূলক বেশি| বর্তমানে বাজারে চাহিদা থাকায় কৃষকেরা সন্তোষজনক দাম পাচ্ছেন| শলুয়া ইউনিয়নের মৌগাছী গ্রামের পাট ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, ভালো মানের পাটের চাহিদা রয়েছে| বাজারে চাহিদা ও সরবরাহের ওপর দাম কিছুটা ওঠানামা করে| বর্তমানে যে দাম আছে তা কৃষকের জন্য ভালো| দাম স্থিতিশীল থাকলে কৃষক ও ব্যবসায়ী উভয়েই লাভবান হবেন| উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান বলেন, পাট এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল| বর্তমানে বাজারে ভালো দাম থাকায় কৃষকেরা পাট চাষে আগ্রহী হচ্ছেন| পাটের মান ভালো রাখতে সঠিক সময়ে কাটা, উপযুক্ত পদ্ধতিতে জাগ দেওয়া এবং আঁশ ছাড়ানোর পর ভালোভাবে শুকানোর বিষয়ে কৃষকদের গুরুত্ব দিতে হবে| মানসম্মত পাট উৎপাদন করতে পারলে কৃষকেরা বাজারে ভালো দাম পাবেন এবং পাট চাষ আরও লাভজনক হবে বলে তিনি জানান|
