মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর| গতকাল রোববার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধুমতী নদী সংলগ্ন রাজধরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব পবিত্র কুমার দাস| তার সঙ্গে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ শামীম পারভেজ| গোপন সংবাদের ভিত্তিতে রাজধরপুর গ্রামের আকাশ শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করা হয়| অভিযানে সার্বিক সহযোগিতা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব প্রতীক দত্ত, আড়পাড়া ইউনিয়নের গ্রাম পুলিশবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মধুখালী উপজেলা শাখার সভাপতি জনাব ওমর ফারুক| মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে| ইলেকট্রিক শক মেশিন ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে|
