তিন স্তরেই শ্রেষ্ঠ ময়মনসিংহ কমার্স কলেজ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর মূল্যায়নে শিক্ষা কার্যক্রম, শিক্ষার মান, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ বিভাগ, জেলা ও উপজেলা-তিন পর্যায়েই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ময়মনসিংহ কমার্স কলেজ। একই আয়োজনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এখলাস উদ্দিন খান নির্বাচিত হয়েছেন জেলা ও উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান। একই সথে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের সাফল্য, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়ার ধারাবাহিক ফল হিসেবেই এ স্বীকৃতি এসেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন ময়মনসিংহ কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু মো. সায়েম এবং অধ্যক্ষ এখলাস উদ্দিন খান।
অর্জনের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ এখলাস উদ্দিন খান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং তিনি জেলা, উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত ও গর্বিত। এ অর্জন কোনো একক ব্যক্তির নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই স্বীকৃতি।তিনি আর বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপরও গুরুত্ব দিতে হয়। জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি প্রতিষ্ঠানের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
