নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কামাল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় তদন্ত শুরু করেছে ঢাকা রেঞ্জ পুলিশ।

গতকাল বুধবার দুপুরে এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) সাইফুজ্জামান ফারুকী ঘটনাস্থল রাজবাড়ী কাপড় বাজার পরিদর্শন করেছেন। এ সময় তদন্ত কমিটির সদস্য ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা ও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর পরিপ্রেক্ষিতে ঢাকা রেঞ্জের ডিআইজি তদন্ত কমিটি গঠন করেছেন। ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও বাজারের ব্যবসায়ীদের বক্তব্য নেওয়া হবে। প্রয়োজনে গোপনেও তথ্য সংগ্রহ করে সব পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে প্রতিবেদন দেওয়া হবে। তিনি বলেন, ঘটনার সময় পুলিশের কোনো দায়িত্বে অবহেলা ছিল কি না, সেটিও তদন্ত করা হবে। নারী উদ্যোক্তাকে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় কেন হামলার ঘটনা ঘটল, ঘটনাস্থল থেকে মার্কেট ও প্রধান সড়কের দূরত্বসহ বিভিন্ন বিষয়ও বিশ্লেষণ করা হবে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজবাড়ী কাপড় বাজারে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।