শিক্ষার মানই হবে অর্জনের মাপকাঠি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বিগত দিনগুলোতে কেবল ভবন নির্মাণ বা অবকাঠামোগত বাজেট শেষ করাকেই সাফল্য হিসেবে দেখা হতো। তবে বর্তমান সরকার সেই ধারা থেকে বের হয়ে এসেছে। এখন থেকে অবকাঠামো নয়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখছে- তা দিয়েই মন্ত্রণালয়, শিক্ষক, কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবার সফলতা বিচার করা হবে। গতকাল বুধবার যশোর পিটিআই অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিয়ার রহমান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাসুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম।
কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জানান, আটকে থাকা সাড়ে ১৪ হাজার শিক্ষকের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অক্টোবর মাস থেকেই পদায়ন শুরু হবে। পিটিআই-তে দুই মাসের ওরিয়েন্টেশন ট্রেনিং শেষ করে তারা সরাসরি শ্রেণিকক্ষে যোগ দেবেন। নতুন নীতিমালায় প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে দায়িত্ব দেওয়া হবে না। পাশাপাশি পিএসসির মাধ্যমে প্রায় ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এই পদোন্নতির পর খালি হওয়া আরও ৩০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের শূন্যপদ আগামী বছরের মধ্যে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
