সার ডিলার ও কৃষকদের নিয়ে মতবিনিময়
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সার ডিলার ও কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সার সরবরাহ, সুষ্ঠু বিতরণ ও কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইন সার ডিলারদের সরকারি নির্দেশনা মেনে কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিতরণের আহ্বান জানান। পাশাপাশি কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত মূল্যের শিকার না হন, সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক কছিম উদ্দিন, আব্দুল মোমেন শাহীন, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডলসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা। এ সময় সার ডিলার ও কৃষকরা সার সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তাদের মতামত তুলে ধরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থে সার বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বরোপ করা হয়।
