পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় অফিস কক্ষে ঢুকে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি রক্তাক্ত জখম হয়েছেন বলেও জানা গেছে। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় অবস্থিত জেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ৪ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন ভূক্তভুগী উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম। অভিযুক্তরা হলেন- কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারি এবং ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. জাকির হোসেন এবং ইসতিয়াক আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, আনুমানিক দুই মাস পূর্বে ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা তাদের একজন কেন্দ্রীয় নেতার সংবর্ধনা দেওয়া উপলক্ষে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবী করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষীপ্ত হয়ে তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। গতকাল বুধবার দুপুরে মাহমুদুল ইসলামের অফিস কক্ষে ঢুকে অভিযুক্ত চারজন মিলে তাকে প্রথমে গালিগালাজ ও পরে হামলা করে রক্তাক্ত যখম করে। পরে, ওই অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা আহত অবস্থায় উদ্ধার করে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি অভিযুক্ত সোয়াইব আহমেদ বলেন, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম আমাদের সামনে খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে কয়েকদিন। গতকাল দুপুরে আমরা কয়েকজন বিষয়টি জিজ্ঞেস করতে তার অফিস কক্ষে গিয়েছিলাম। এ সময় তিনি উত্তেজিত হয়ে আমাকে চড় মারেন। তারপর দুই পক্ষ ধস্তাধস্তি হয়।

তবে, খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তুচ্ছতাচ্ছিল্যের কোনো প্রমাণ দেখাতে পারেননি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।