বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনে মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই। পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়। প্রাথমিকভাবে তাদের কিছু আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।