হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরের গঙ্গাচড়ায় সাপখেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া (৭৪) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গত বুধবার দিবাগত রাতে মুন্সীগঞ্জে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আশরাফুল ইসলাম (৪৫) মো. মাবু মিয়া (৩০), মো. লেবু মিয়া (৩০) মো. এরশাদ আলী (৪০)।
গ্রেপ্তাররা সবাই গঙ্গাচড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের নূর হোসেনের ছেলে। র্যাব জানায়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৫ আগস্ট রাতে কাশিয়াবাড়ীর হাট সংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে একজন সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছিলেন। খেলার একপর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধ শুরু হলে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ৯/১০ জন সাপুড়েকে মারধর শুরু করেন। এ সময় ভুক্তভোগী বৃদ্ধের বড় ছেলে আব্দুল মালেক ওই সাপুড়েকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। এ ঘটনায় অভিযুক্তরা গালাগালির এক পর্যায়ে মারধর শুরু করেন। আব্দুল মালেকের চিৎকারে তার বাবা ভুক্তভোগী এন্দাজ মিয়া এগিয়ে আসেন। তখন এন্দাজ মিয়াকেও মারধর করা হয়। যার ফলে এন্দাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ২৬ আগস্ট রংপুরের গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেন। এরপরে, আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী থানা এলাকার বালিগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি আশরাফুল ইসলাম এবং মাবু মিয়াকে গ্রেপ্তার করে। এরপরে একই উপলোর ইসলামপুর বাজার এলাকা থেকে লেবু মিয়া এবং এরশাদ আলীকে গ্রেপ্তার করে।
