প্রতারণার অভিযোগে পদত্যাগ করা বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেয়া এক নেতার বিরুদ্ধে বিএনপির দলীয় প্যাড ও পদবি ব্যবহার করে জেলা প্রশাসকের কাছে আবেদন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহবুব উল আলম স্বপন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে সদর থানায় বাদী হয়ে মামলা করেছেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বকুল। গতকাল বৃহস্পতিবার দণ্ডবিধির ৪১৯ ধারায় মামলাটি হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে গত ৩০ আগস্ট জেলা প্রশাসকের কাছে একটি আবেদন দেওয়া হয়। ওই আবেদনে বিএনপির দলীয় প্যাড ব্যবহার এবং নিজেকে 'শহর বিএনপির সদস্যসচিব' হিসেবে পরিচয় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মোখলেছুর রহমান বকুল।

অভিযোগকারীর দাবি, গত ১৬ ফেব্রুয়ারি বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব উল আলম স্বপনসহ কয়েকজনকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। অভিযোগে আরও বলা হয়, বহিষ্কারের বিষয়টি গোপন রেখে স্বপন বিএনপির দলীয় পরিচয় ও পদবি ব্যবহার করে সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভ্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক পরিচয় ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগকারীর দাবি। এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্বপন ধানের শীষের বিপরীতে ফুটবল প্রতীকের সমর্থকদের পক্ষে অবস্থান নিয়ে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছিলেন। প্রসঙ্গত; ২০২২ সাল থেকে মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব ছিলেন মাহবুব উল আলম স্বপন।

২০২৬ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে নিজ দলের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের প্রতিদ্বন্দী প্রার্থী জেলা বিএনপির তৎকালীন সদস্য সচিব (পরে বহিস্কৃত) মো. মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেন এই নেতা। একপর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন। এরপর ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির প্যাডে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্যাডে মাহবুব উল আলম স্বপনসহ আরও কয়েকজনকে বহিষ্কারের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।