নকল প্রসাধনীতে সয়লাব বাঞ্ছারামপুর
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য বিউটি পার্লার ও সেলুন। পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন শপিংমল, মার্কেটসহ এলাকার অলি-গলিতে গড়ে তোলা হয়েছে শতাধিক বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার। তবে বেশীরভাগ পার্লারগুলোতে ব্যবহার করা হচ্ছে বিএসটিআই অনুমোদনবিহীন নিন্মমানের প্রসাধনী। নিম্নমানের প্রসাধনী ব্যবহার করার ফলে অনেক গ্রাহকদের ত্বকে নানা ধরনের চর্ম রোগ, ব্রন, ত্বক নষ্ট হয়ে যাওয়াসহ নানান রোগে আক্রান্ত হবার অভিযোগ পাওয়া গেছে।
নকল প্রসাধনীতে সয়লাব শপিংমল ও পার্লারগুলোতে এসব নকল পণ্য কিনে প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রবাস অধ্যূষিত উপজেলাটির, বিশেষ করে সৌন্দর্য ও স্বাস্থ্যসচেতন তরুণী, কর্মজীবী নারী, গৃহবধূ, বিয়ের কন্যা ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নকল প্রসাধনী ব্যবহার করে স্বাস্থ্যসমস্যায় ভুগছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক, অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা অসুখে। স্থানীয়রা বলছেন, প্রশাসন ও পুলিশের নজদারির ঘাটতি এবং জনসচেতনতার ঘাটতিতে এভাবে নকল পণ্য অবাধে বিক্রি হচ্ছে ও বিউটি পার্লারগুলো রমরমা ব্যবসা করছে।
গত রোববার ও সোমবার সরেজমিনে দেখা যায়, বাঞ্ছারামপুর পৌর এলাকার বাজারগুলোর মার্কেট, শপিংমল আশে পাশের এলাকাতে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে তোলা হয়েছে বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার। আর সেইসব মার্কেটের কসমেটিকস দোকানগুলোতে বিক্রি হচ্ছে রাজধানী থেকে আনা অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী।
