তিতাসে বাড়ির সীমানা নিয়ে খুনের ঘটনায় মামলা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ ইউসুফ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ আহমেদ (২৬) বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখপূর্বক ১০/১৫ জনকে আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার রাত ৯টায় তিতাস থানায় মামলাটি করেন। ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক চারজনকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে। নিহতের পরিবারের অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর (ভূঁইয়া বাড়ি) গ্রামে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। বিরোধের বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হলেও তা সমাধান হয়নি। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় নিহত ইউসুফ ভূঁইয়া বাড়ির উঠানে ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে মামলার আসামিরা ও অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে দাদের বাড়িতে প্রবেশ করেন। পরে তারা ইউসুফ ভূঁইয়ার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এজাহারে বাদী অভিযোগ করেন, হামলাকারীরা তার বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে লোহার পাইপ দিয়ে তাঁর বুকের বাঁ পাশে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর জ্যাঠা মো. শওকত আলী ভূঁইয়ার ওপরও হামলা করা হয়। এ সময় তিনিও আহত হন। পরে স্বজনরা ইউসুফ ভূঁইয়াকে দ্রুত তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে শ্রাবণ আহমেদ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করেছেন। আসামিদের আদালতে মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।