সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চেক প্রদান
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিদ্দিক হোসেন, দিনাজপুর
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৩ জনের মাঝে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারের সদস্যদের ৩ কোটি ২৫ লাখ টাকা এবং আহত ৮ জনকে ১৪ লাখ টাকা দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ও চেক বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এবং সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সাদরাতুন মুমতাহিনা।অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৫৪(১) ধারা অনুযায়ী গঠিত বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় দিনাজপুর সার্কেলের ৭৩ জন ক্ষতিগ্রস্তকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারের জন্য ৩ কোটি ২৫ লাখ টাকা এবং আহত ৮ জনের জন্য ১৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুর ই আলম সিদ্দিকী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যান্য অতিথিরা।
