জামায়াতের গণসংযোগ সমাবেশ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দেশে সার, ডিজেল, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূলের উর্ধ্বগতিসহ নানা সমস্যা দৃশ্যমান রয়েছে। সরকার বলছে সব ঠিক আছে। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে। বিদ্যুৎ না থাকায় সর্বস্তরের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পাচ্ছেন। মানুষ চরম কষ্টে রয়েছে। জামায়াত ইসলামী বিরোধীদল হিসেবে সংসদে জনগণ ও দেশের জন্য কথা বলছেন। চুয়াডাঙ্গায় গণসংযোগ ও সমাবেশে উপরোক্ত মন্তব্য করেন প্রধান অতিথি ২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। চুয়াডাঙ্গায় জামায়াত ইসলামীর গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলার পদ্মবিলা গ্রামের বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়নের আমির আসমান আলী।
