কথিত 'পীর' শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পীর 'পীর' শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের কবরস্থানে দাফন করা লাশ দীর্ঘ ৫ মাস পর কবর থেকে তুলে তাঁর দরবারে বা আস্তানায় দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে পীরের ভক্তরা শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে নিয়ে দাফন করেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্র জানায়, পীর শামীম নিহত হওয়ার পর থেকেই তাঁর ভক্তদের একটি অংশ কবর থেকে লাশ তুলে দরবারে দাফনের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে পীরকে দাফনের পর বেশ কিছুদিন ওই কবরস্থানে পুলিশ পাহারায় ছিল।

তবে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ভক্তরা কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে পুনঃরায় দাফন করেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পীর শামীমের ভাই মো. ফজলুর রহমান সান্টু বলেন, রাতের আঁধারে কারা কীভাবে কবরস্থান থেকে লাশ উত্তোলন করে দরবারে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। সকালে ঘুম থেকে উঠে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবরস্থান থেকে কারা কীভাবে উত্তোলন করে দরবারে পুনঃরায় দাফন করেছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমন পরিস্থিতি নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, পীরের লাশ কবরস্থান থেকে উত্তোলন করে দরবারে পুনঃরায় দাফন করা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। পরবর্তী যে সিদ্ধান্ত হবে, তা জানানো হবে।