সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরে সারের কোনো ঘাটতি নেই। একই সঙ্গে জেলার কোনো গোডাউনেও পর্যাপ্ত সার নেই— এমন পরিস্থিতি হওয়ার কথা নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গত শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সারের উত্তোলন, মজুত ও সুষ্ঠু বিপণন নিশ্চিতকরণ বিষয়ে সার ডিলারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার যাতে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকের উৎপাদন ব্যাহত না হওয়ার জন্য প্রয়োজনের সময় কৃষকের হাতে সার পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারের উত্তোলন, মজুদ ও বিপণন ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মন্ত্রী আরও বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষি উৎপাদন ঠিক রাখতে কৃষকদের প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে সরবরাহ করা জরুরি। সার নিয়ে কোনো ধরনের গুজব, মজুদদারি বা অনিয়মের কারণে কৃষকের মধ্যে যাতে উদ্বেগ তৈরি না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সার ডিলারদের উদ্দেশ্যে বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা মেনে সার উত্তোলন, সংরক্ষণ ও কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে। কৃষকের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে স্বচ্ছতার সঙ্গে সার বিপণন নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ব্যক্তিস্বার্থে সার আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না।

সভায় দিনাজপুর জেলার সার উত্তোলন, মজুত ও বিপণনের সার্বিক পরিস্থিতি নিয়ে সার ডিলারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় সারের সরবরাহ পরিস্থিতি, কৃষকদের চাহিদা এবং ডিলারদের মাধ্যমে সার বিতরণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় কৃষকদের কাছে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে ডিলারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় সংশ্লিষ্টরা জানান, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাজারে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। পাশাপাশি সারের মজুদ ও বিতরণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।