ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, এক ব্যক্তি খুন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাঁশের লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে যাদবপুর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান (৪৫)-এর ছেলে সোহানুর রহমান সোহান (১৩) এবং নিহত রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদ (১০) ফুটবল খেলা নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে লুৎফর রহমান হাতে বাঁশের লাঠি নিয়ে শিশু জিহাদকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন। এ সময় ছেলেকে রক্ষা করতে তার পিছু নেন বাবা রবিউল ইসলাম। পরে স্থানীয় খলিলের বাড়ির সামনে ইট সলিং করা তিন রাস্তার মোড়ে লুৎফর রহমান ও রবিউল ইসলামের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে লুৎফর রহমান হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউল ইসলামের ঘাড় ও পিঠে সজোরে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে রবিউল ইসলাম মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে তার মাথায় পানি ঢালাসহ প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত যাদবপুর বাজারের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।