৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজারে গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে ২ ব্যক্তির নামে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে গতকাল রবিবার সকালে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে।
স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার পূর্বপাড়া গ্রামের বদিয়ার জোয়ার্দারের ছেলে শহীদ জোয়ার্দার আমলসার বাজারের দোকানঘরে ও বাড়িতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া। অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৩২৮ বস্তা সার জব্দ করে শ্রীপুর থানা হেফাজতে নেওয়া হয় এবং এ ঘটনায় অভিযুক্ত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে ২ ব্যক্তির নামে থানায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, উপজেলা কৃষি অফিস কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে সার পেতে নিরলস কাজ করছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রত্যেক ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীদের তদারকি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ ও জরিমানা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে। শ্রীপুর থানার ওসি ওলি মিয়া ২ ব্যক্তির নামে থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম জানান, কৃষকদের ভোগান্তিতে ফেলে অবৈধ মজুতের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহ কেন্দ্রগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
