নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে জিপিএ-৫ অর্জনকারী ও সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রোববার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে অভিনন্দনপত্র ও মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
এ বছর এসএসসি পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকারী শারমিন সুলতানা চৈতীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী জান্নাতুল মাওয়াকে ৭ হাজার টাকা এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী কাজী তাসনিয়া ইবনান নিধি ও মুনতাহা মেহজাবিনকে ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা সবাই নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
