ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল বন্ধ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ভুল চিকিৎসায় মোসলিম (১৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮ টার দিকে জেলার সদর উপজেলার দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে। মোসলিম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। শিশুর পরিবার সদস্যরা জানান,শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কমলনগরের চরবসু গ্রামে বাড়ির পাশে খেলাধুলার সময় হঠাৎ লাঠির একটি অংশ মোসলিমের বাম চোখে লাগে।
পরে তার বাবা-মা তাকে সিএনজিযোগে নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত প্যারামেডিকস আবুল হোসেন শিশুটির চোখে অ্যানেসথেসিয়া দেন। অ্যানেসথেসিয়া দেওয়ার পর মোসলিম বমি করতে শুরু করলে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
পরে পরিবারের সদস্যরা মোসলিমকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালী সিভিল সার্জন ডাক্তার আনোয়ার হোসেন খবর পেয়ে তিনি হাসপাতালে পরির্দশন করেন। হাসপাতাল টি বন্ধ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কার্যদিবসের মাধ্যমে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
নোয়াখালী সদর থানার ওসি নজরুল ইসলাম জানান- আবুল হোসেন নামে একজনকে আটক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনাটি কমল নগর থানার অধীনে হওয়ায় সেখানে মামলা হবে।
