সখীপুরে ভাড়া বাসায় নববধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ভাড়া বাসার ওয়াশরুমে ইতি আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পৌরসভার এতিমখানা রোডের কদমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইতি আক্তার বরিশালের উজিরপুর উপজেলার কুচিয়ারপাড় গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে। তাঁর স্বামী তায়েবুর রহমান একটি বেসরকারি ইলেকট্রিক পণ্য কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে সখীপুরে কর্মরত। প্রায় দুই মাস আগে তাঁদের বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ইতি আক্তার ভাড়া বাসার ওয়াশরুমে যান। কিছুক্ষণ পর তাঁর স্বামী তাঁকে কাপড় রাখার মোটা হ্যাঙ্গারের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী তায়েবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর বিষয়ে কিছু বলা যাচ্ছে না।