ট্রাফিক সচেতনতা প্রচার কার্যক্রম উদ্বোধন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

'সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল নাগরিকের মাঝে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৭টি থানায় একযোগে রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া ট্রাফিক অফিসের সামনে মজমপুর রেলগেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনকালে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার জন্য জেলার সকল নাগরিকের প্রতি আহ্বান জানান।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, দুর্ঘটনা এড়াতে অত্যন্ত সতর্ক ও মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে। ঘুম বা ক্লান্ত অবস্থায় কোনোভাবেই গাড়ি চালানো যাবে না। একই সঙ্গে সব ধরনের ট্রাফিক আইন ও ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলে চলাচলের সময় চালকসহ আরোহী প্রত্যেককে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিও সবাইকে গুরুত্ব দিতে হবে। পরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম উপস্থিত নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এসময় সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা ট্রাফিক পুলিশের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।