মাটির দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটির দেয়াল ধসে রাব্বি হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। গত সোমবার বিকালে উপজেলার খাদেমপুর ইউনিয়নের রংপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের কাউসার আলীর ছেলে। আহত রাজন (১৯) ও তানজিল (১৭) একই গ্রামের বাসিন্দা। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রংপুর গ্রামের মতিয়ার রহমানের বসতবাড়িতে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকে তিন শ্রমিক ড্রেন নির্মাণ করছিলেন। ড্রেনটি প্রায় ১০ ফুট গভীর করা হয়। বিকালে হঠাৎ ড্রেনের পাশের মাটির দেয়াল ধসে তিন শ্রমিকের ওপর পড়ে। এতে রাব্বি পুরোপুরি মাটির নিচে চাপা পড়েন। রাজন ও তানজিলও মাটির নিচে আটকে পড়েন। তবে তাদের মুখের কিছু অংশ মাটির ওপরে থাকায় স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন মাটি সরানোর কাজ শুরু করেন। প্রায় ৪০ মিনিট পর রাব্বিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। আহত দুই শ্রমিককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী আমেনা বেগম বলেন, সকাল থেকেই তিন শ্রমিক ড্রেন নির্মাণ করছিলেন। বিকালের দিকে হঠাৎ তাদের ওপর মাটির দেয়াল ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা আজিমুল্লাহ বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা দুই শ্রমিকের মুখ মাটির ওপরে দেখতে পান। পরে গ্রামবাসী মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন। রাব্বিকে পুরোপুরি মাটির নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়।
