চাঁদপুরে চার প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাতকরণ এবং অনুমোদনহীন নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অসদুপায় অবলম্বনের দায়ে 'মা মনিহারি স্টোর'কে ৫ হাজার টাকা, 'আলবি প্যাকেজিং হাউজ'কে ৫ হাজার টাকা ও 'আরা বিস্কুট হাউজ'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আমদানিকৃত বিদেশি পণ্যে নির্ধারিত আমদানিকারকের স্টিকার না থাকায় 'সোহেল সাজ স্টোর'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বাজার থেকে উদ্ধার করা মেয়াদবিহীন ও অবৈধ নিম্নমানের শিশু খাদ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় ব্যবসায়ীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকেরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধি দল সার্বিক সহায়তা প্রদান করে। ভোক্তা অধিকার রক্ষা, ভেজাল প্রতিরোধ ও বাজারে সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
