কালিয়াকৈরে বজ্রপাতে নিহত এক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে একটি বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই আলুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল হক (৪০) গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট মেডিকেল মোড় এলাকার মৃত আশরফ আলীর ছেলে।
এলাকাবাসী ও উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, শামসুল হকসহ কয়েকজন লোক বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাইর আলুয়ার বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। তাদের মাছ ধরা কালে সকাল ১১টার দিকে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় তাদের একটি নৌকার ওপর বজ্রপাত পড়ে। এতে শামসুল নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন পানি থেকে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার সময় তার সঙ্গে থাকা আব্দুল জলিল ও আব্দুল আলম নামে দুই ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নিহতের লাশ নিয়ে তার সঙ্গে থাকা লোকজন তাদের গ্রামের বাড়ি চলে যায়।
স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার শিকদার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার সঙ্গে থাকা লোকজন নিহতের লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি চলে যায়।
