রায়পুরায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার দুই

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরার একাধিক হত্যা মামলার আসামি অস্ত্র হান্নান ও তার সহযোগী মির্জারচরের নুরুল ইসলামকেও গ্রেপ্তার করছে রায়পুরা থানা পুলিশ। গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। তিনি জানান, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে রায়পুরা থানার ওসি মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকায় হান্নানের অবস্থান শনাক্ত করা হয়। পরে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান ও তার সহযোগী নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হান্নানের বিরুদ্ধে গত জুনে দুর্গম চরাঞ্চল নিলক্ষার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একটি মামলাসহ তিনটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া দ্রুত বিচার আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং অন্য ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।