চার সার ব্যবসায়ীর জেল-জরিমানা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানে সোহেল হোসেনের দোকান অবৈধভাবে ৮ বস্তা সার মজুত রাখায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড করা হয়। আরেক ব্যবসায়ী আব্দুস সালাম ৫৩ বস্তা সার মজুদ রাখায় ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ব্যবসায়ী আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর ব্যবসায়ী মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।