ফরম পূরণের টাকা নিয়ে উধাও কর্মচারী

৯১ পরীক্ষার্থী বিপাকে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৯১ জন শিক্ষার্থীর অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের পৌনে তিন লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে মাস্টাররোলে কর্মরত এক সহকারী কর্মচারীর বিরুদ্ধে। শিক্ষার্থীদের দুই লাখ ৯৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে গত ৪ আগস্ট থেকে ওই কর্মচারী কলেজে অনুপস্থিত রয়েছেন। অভিযুক্ত কর্মচারীর নাম আনোয়ার হোসেন। জানা গেছে, ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের জন্য ইংরেজি বিভাগের ৯১ শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষার্থীপ্রতি চার হাজার ৯৩৯ টাকা হারে মোট চার লাখ ৪৯ হাজার ৪৪৯ টাকা সংগ্রহ করেন আনোয়ার হোসেন। সংগৃহীত টাকার মধ্যে এক লাখ ৫৩ হাজার ৪৪৯ টাকা কলেজের পাওনা মিটিয়ে বাকি দুই লাখ ৯৬ হাজার টাকা কলেজের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। পরে কলেজের খাতায় বা ব্যাংকে সেই টাকা জমার কোনো প্রমাণ মেলেনি।