নারায়ণগঞ্জে মহাসড়কে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
?গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। এ সময় সড়ক ও জনপদের উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী আল রাজি লিওন, সার্ভেয়ার দেওয়ান মোহাম্মদ সোহাগসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযান সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশের সওজের জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন ধরনের অবৈধ দোকান নির্মাণ করে আসছিলেন। পরবর্তীতে তা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো। এসব অবৈধ দখলের কারণে মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো, যা সাধারণ যাত্রী ও পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
উচ্ছেদ অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার কারণে প্রতিদিন এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। সরকারি সম্পত্তি রক্ষা এবং মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
