দৌলতদিয়ায় ইট দিয়ে মাথা থেঁতলে যৌনকর্মীকে হত্যা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে হুসনে আরা খাতুন (৩৫) নামের এক যৌনকর্মীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত বুধবার দিনের কোনো এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত হুসনে আরা খাতুন ময়মনসিংহের ধোবাউড়া থানার মুক্তাগাছা এলাকার আবু তালেবের মেয়ে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর রুবেল শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় নিহত যৌনকর্মীর কথিত স্বামী মোস্তাক শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
একই যৌনপল্লীর ওষুধের দোকানি মোস্তাক স্থানীয় দৌলতদিয়া ইউনিয়নের সামজদ্দিন বেপারীপাড়া গ্রামের নায়েব আলী ডাক্তারের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে থানায় মামলা করা হবে।
