গাঁজা সেবনকারীর দুই বছরের কারাদণ্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে আরশেদ আলী (৩৬) নামে এক সিএনজি চালককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মধ্য গোলড়া গ্রামের সিরাজ সাইজির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আরশেদ আলী ওই বাড়িতে গাঁজা সেবন করছেন এমন অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলম অভিযোগ দাখিল করেন। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

?এ সময় গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ নম্বর ধারায় আরশেদ আলীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা, একটি কল্কি, একটি স্টিলের কাটনি ও একটি কাঠের টুকরো জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এবং সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, সাটুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।