নারায়ণগঞ্জে ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বৃহস্পতিবার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযানের আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণিকক্ষের আশপাশ, মাঠ ও অন্যান্য স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতেও উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। বিদ্যালয়ভিত্তিক নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পুরো এলাকায় মশার প্রজননস্থল কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
