মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও খাদ্যপণ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে মানিকগঞ্জ শহরের সুইট হ্যাভেন ও মদিনা মিষ্টান্ন ভাণ্ডারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের বেউথা ও দাশড়া এলাকায় প্রতিষ্ঠান দুটির কারখানায় অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের অফিসার মোছা. রৌশন আরা। অভিযানে কারখানাগুলোতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। একবার ব্যবহার করা তেল পুনঃরায় ব্যবহার করা হচ্ছিল। স্বাস্থ্যবিধি না মেনে খালি গায়ে মিষ্টি তৈরির প্রমাণও পাওয়া যায়। এছাড়া খাদ্যপণ্য সংরক্ষণেও অনিয়ম ছিল। এসব অনিয়মের কারণে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা এবং সুইট হ্যাভেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে দ্রুত পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।