সিরাজগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত ক্রমশ বাড়তে শুরু করেছে। গত ২ দিনে এ রোগে ৪৭ জন আক্রান্ত হয়েছে। এ রোগ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগ পরামর্শ দিচ্ছে। এ নিয়ে প্রায় ১ মাসের আক্রান্ত সংখ্যা ১০১ জন। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মাসের মাঝামাঝি থেকে এ ডেঙ্গু রোগের প্রাদুভাব দেখা দিয়েছে। বিশেষ করে চলতি মাসের প্রথম থেকে এ জেলার অনেক স্থানে এ রোগের প্রভাব বিস্তার ঘটছে। এ জেলার কাজিপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি। কয়েক মাস এ রোগের প্রভাব ছিল না এবং হঠ্যাৎ করে এ রোগের প্রভাব বাড়ছে। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সংখ্যা বেশি। এসব হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে নারী পুরুষেরা ভর্তি হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ৪ জন নারীসহ এ রোগে আক্রান্ত ১৮ জনকে উল্লেখিত হাসপাতাল গুলোতে ভর্তি করা হয়েছে। চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত ১ হাজার ৮১ জন এ রোগে আক্রান্ত হয়। এরমধ্যে ২২ জন নারীসহ ১ হাজার জন সুস্থ হয়েছে এবং বর্তমানে বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। এরইমধ্যে এ নির্দেশনায় জেলা উপজেলায় কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া তিনি সবাইকে এ রোগ থেকে মুক্তি পেতে সচেতন থাকার আহ্বান জানান।
