প্রত্যেকের জীবনে নজরুল চর্চা অপরিহার্য
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

বরেণ্য কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, প্রেমিকা, স্ত্রী, পিতা, মাতা, ভাই, বোন, শিক্ষক-ছাত্রসহ সকলের জীবনে নজরুল চর্চা অপরিহার্য। তিনি নজরুল ইসলামকে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। তিনি আরও বলেন, দেহের সঙ্গে আত্মার যেমন সম্পর্ক, ঠিক সেই সম্পর্ক বাংলাদেশের সঙ্গে কাজী নজরুল ইসলামের। এ সম্পর্ক বিভাজন করা যায় না। বিভাজন করলে দেশ আর থাকে না।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে 'জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা' শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। সঞ্চালনা করেন পানিয়াল পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবিরুজ্জাহান চুমকি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন সিথুন, নীলফামারী জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমাদের অস্তিত্বে কাজী নজরুল ইসলাম জড়িত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন দেশের কোন সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সম্মান জানিয়ে বর্ষ ঘোষণা করতে পারেনি। একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান তা করেছেন। তিনি কাজী নজরুল ইসলামের 'শিকল' কবিতার কয়েকটি লাইন পড়ে বলেন কবি নজরুল ইসলামের এই কবিতা মানুষকে লড়াই করার সাহস যুগিয়েছে। তিনি সকলকে নজরুলের মত সাহসী হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পরে তিনি কিশোরগঞ্জ উপজেলার চাড়ালকাটা নদী, ধাইজান নদী, যমুনেশ্বরী নদীসহ উপজেলার চা-বাগান দেখে মুগ্ধ হয়ে বলেন— মোর এই বলে খ্যাত হোক আমি কিশোরগঞ্জের লোক। তিনি কিশোরগঞ্জ উপজেলার প্রাকৃতিক দৃশ্য দেখে তিনি মুগ্ধ হয়ে কিশোরগঞ্জ উপজেলার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
