ডেঙ্গুতে প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল (৪৭) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দীপক চন্দ্র শীল উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি এক বছর আগে থেকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, বেশ কয়েক দিন ধরে তিনি ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। তবে প্রাথমিক অবস্থায় বিষয়টি তেমন গুরুত্ব না দেওয়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বৃহস্পতিবার শারীরিক জটিলতা আশঙ্কাজনক রূপ নিলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলা ও আশেপাশের গ্রামগুলোতে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ চরম আকার ধারণ করেছে। আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত রোগী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রাজাপুর, পিরোজপুর ও বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। মশাবাহিত এ রোগের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।