মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে হৃদয় (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ঢাকা অভিমুখী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৬২-৬০৩৬) কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে সকাল সাড়ে ৬টা দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের পৌঁছে আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহত হৃদয়ের লাশ ব্যাগে তুলে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে। হাসারা হাইওয়ে থানার ওসি সোহেল রানা বলেন, নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।