জুটমিল শ্রমিককে গুলি করে হত্যা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনায় থানার কাছেই দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর বুক ও পিঠে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় পুলিশের একটি টহল দল দুর্বৃত্তদের ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, জলিল ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
