লুট হওয়া পিস্তল-গুলি মিলল মসজিদে

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র। গতকাল শনিবার দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি অস্ত্রগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।