বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে হবে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতার ব্যবস্থা করতে হবে। যে বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে পারে না, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের থাকার নৈতিক অধিকার নেই। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার নিজেদের দলীয় লোক নিয়োগের এজেন্ডা হাতে নিয়েছে। সরকার এ সিদ্ধান্ত থেকে বিরত না থাকলে আবারও আন্দোলন শুরু হবে। শতভাগ মেধার ভিত্তিতেই দেশ গড়ে উঠবে এবং মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে। তিনি বলেন, পিএসসি, নির্বাচন কমিশন, মহাহিসাব নিরীক্ষকসহ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার করতে হবে। পিএসসির গঠনমূলক সংস্কারও প্রয়োজন। জুলাইয়ের অন্যতম দাবি ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার।
তিনি আরও বলেন, সরকার বর্তমান প্রজন্মকে দুর্বল মনে করবেন না। বিশ্ববিদ্যালয় যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের কারণেই আপনারা ক্ষমতায় এসেছেন। আমাদের মেধাকে নষ্ট করবেন না। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের প্রসঙ্গ তুলে শিবির সভাপতি বলেন, এলাকায় এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের শতভাগ আবাসনের ব্যবস্থা করা হচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়তো ৩০ শতাংশ শিক্ষার্থী হলে থাকতে পারে, আর ৭০ শতাংশ শিক্ষার্থী হলের বাইরে থাকে। এই শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করতে পারেনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বলতে হবে— আগামী দুই বছরের মধ্যে শতভাগ আবাসনের ব্যবস্থা করা হবে।এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার এবং আবাসন সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণরুম সংস্কৃতির পরিবর্তনের উদাহরণ তুলে ধরেন।
