সড়ক ভেঙে বেহাল সংস্কার দাবি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আতোয়ার রহমান রানা, গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিমবাটি সড়ক ১৮ বছরে একবারও সংস্কার হয়নি। দীর্ঘদিন অবহেলায় সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার ভাঙ্গা ব্রিজ- দুর্গাপুর সড়কের পশ্চিমবাটি অংশের বেশিরভাগ জায়গায় পিচ উঠে গিয়ে রাস্তার দুই পাশ ভেঙে ধ্বসে পড়েছে।
বিশেষ করে রাস্তাটির গুরুত্বপূর্ণ জায়গায় যেমন আনিছুরের চাতাল, মওলার বাড়ি, পল্টনের দোকানসহ অন্তত ১৫টি পয়েন্টে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে সড়কের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে শত শত যানবাহন ও জনসাধারণ। যার ফলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে রাস্তায়টি এলজিইডি অর্থায়নে কার্পেটিং এর পর থেকে আজ পর্যন্ত সড়কটিতে কোনো সংস্কার কাজ হয়নি। ফলে যানবাহন তো দূরের কথা, এখন পায়ে হেঁটে চলাচল করতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
কৃষিপণ্য নিয়ে বাজারে যেতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। পশ্চিমবাটি গ্রামের জুয়েল মিয়া বলেন, ভোটের সময় সবাই আশ্বাস দেয় কিন্তু ভোট পার হলে যে লাউ সেই কদু। কেউ আর রাস্তা ঠিক করে না।
ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন ভ্যান নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয়। মাঝে মাঝে ভ্যান উল্টে জমিতে পড়ে হয়। কিন্তু তবু কেউ এই রাস্তার কাজে এগিয়ে আসে না। কৃষক মজিবর রহমান বলেন, এটাই আমাদের এলাকার একমাত্র সড়ক। সংস্কার না হওয়ায় এখন হাঁটাও কঠিন হয়ে পড়েছে। গর্তে পড়ে প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছে।
শফিকুল ইসলাম বলেন, সড়কটি চলাচলের উপযোগী করতে আইডি সংশোধনের জন্য গত দুই বছরে দুইবার এলজিইডিতে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা এলজিইডি প্রকৌশলী হেলালুর রহমান বলেন, পাকাকরণের সময় সড়কটির আইডি না থাকায় এতদিন সংস্কার করা যায়নি। তবে আমরা আইডি সংশোধনের জন্য প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।
